শাহজাদপুর সংবাদদাতা:
সিরাজগঞ্জের শাহজাদপুরে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের নেতাদের সাথে মতবিনিময় সভা করেছে পুলিশ।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাফিজুর রহমান ও থানার ওসি সাইফুল ইসলাম আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা করেন। সভায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে পুলিশ প্রশাসন ও পূজা উদযাপন কমিটির পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার সাহা বাণী, সাধারণ সম্পাদক বাসুদেব দত্ত, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মানিক সরকার, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক কমল সাহা মিন্টুসহ বিভিন্ন মন্দির কমিটির নেতারা উপস্থিত ছিলেন।