যমুনার কথা প্রতিবেদক:
সিরাজগঞ্জের সলঙ্গায় গরু চুরিরোধে সড়কের গুরুত্বপুর্ন স্থানগুলোতে বাঁশের ব্যারিকেড দিয়ে রাতজেগে পাহারা দিচ্ছে গ্রামবাসী ও গ্রাম পুলিশ। আর এ কাজে সহায়তা করছে থানা পুলিশ। এ কার্যক্রম পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু। রবিবার রাতে সলঙ্গা থানার বিভিন্ন পয়েন্টে স্থাপিত বাঁশকল বা ব্যারিকেড পরিদর্শন করেন তিনি। এসময় পাহারায় থাকা ব্যক্তিদের টর্চ লাইট ও বাঁশি উপহার দেন পুলিশ সুপার।
পরিদর্শনকালে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বাঁশকল ডিউটিতে দায়িত্বরত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ প্রতিরোধে পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। গরু চুরিরোধে সলঙ্গা ছাড়াও রায়গঞ্জ, উল্লাপাড়া ও তাড়াশ উপজেলাতেও একই ভাবে বাঁশকল বা সড়কে ব্যারিকেড কার্যক্রম চলছে।