যমুনার কথা প্রতিবেদক:
জনসাধারণের অভিযোগ, সমস্যা ও মতামত সরাসরি শুনে দ্রুত সমাধানের লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ গণশুনানির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ভূমি, সামাজিক নিরাপত্তা, নাগরিক সেবা, প্রশাসনিক জটিলতা ও চিকিৎসা সেবা নানা বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেন। এসময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বিচারপ্রার্থীদের বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি বেশ কয়েকটি বিষয়ে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, “সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধানে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং জনভোগান্তি কমাতে নিয়মিত এ ধরনের গণশুনানি কার্যক্রম অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, প্রশাসন ও জনগণের মধ্যে আস্থা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতি বুধবার সকাল থেকে জেলা প্রশাসনের এ গণশুনানি নিয়মিত ভাবে অনুষ্ঠিত হচ্ছে। গণশুনানিতে অংশগ্রহণকারী সেবাগ্রহণকারীরা তাদের সমস্যার কথা সরাসরি তুলে ধরার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। এসময়ে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।