শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

সিরাজগঞ্জ জেলা রোভারের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন, দৃষ্টান্ত স্থাপন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম

  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৩.৪৪ পিএম

মোঃ হোসেন আলী ছোট্ট, সিরাজগঞ্জ:

স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও সম্প্রসারিত করার লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলামের উদ্যোগে কার্যালয়টি চালুর মধ্য দিয়ে জেলা রোভারের সাংগঠনিক কার্যক্রমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌর শহরের শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম রোডে অবস্থিত পৌর কাঁচাবাজারের ১ নম্বর লেনের (ঘ) ব্লকের ১, ২, ৩ ও ৪ নম্বর কক্ষ বরাদ্দের মাধ্যমে কার্যালয়টির কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা রোভারের সহসভাপতি গণপতিরায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা রোভারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, রোভার স্কাউট ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেন, স্কাউটিং তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। রোভার স্কাউটদের দেশ ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে।

তিনি জেলা রোভারের কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা রোভারের কমিশনার মোঃ সামসুল হক (এলটি), সম্পাদক মোঃ সাখাওয়াৎ হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল আলীম, সহসভাপতি মোঃ সাইফুল ইসলাম সরকার এবং জেলা রোভার স্কাউট লিডার মোঃ মহসিন আলী তালুকদার।

এ ছাড়া উপস্থিত ছিলেন হিলফুল ফুযুল মুক্ত রোভার দলের আরএসএল স্কাউটার ও সাংবাদিক মোঃ হোসেন আলী ছোট্ট, মোঃ ইমন আলী মন্ডল (তাড়াশী), তুহিন এবং হিলফুল ফুযুল মুক্ত রোভার স্কাউট দলের সিনিয়র রোভারমেট আব্দুল্লাহসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের রোভার স্কাউট ও গার্ল-ইন-রোভার সদস্যরা। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন এ অস্থায়ী কার্যালয়ের মাধ্যমে জেলা রোভারের নিয়মিত সভা, সাংগঠনিক সমন্বয়, প্রশিক্ষণ ও বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা আরও সহজ হবে। পাশাপাশি তরুণদের মধ্যে দেশপ্রেম, মানবিকতা, নেতৃত্বের গুণাবলি ও স্বেচ্ছাসেবার মনোভাব বিকাশেও কার্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আনন্দঘন পরিবেশে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সিরাজগঞ্জ জেলা রোভারের সাংগঠনিক কার্যক্রমে নতুন অধ্যায়ের সূচনা হলো।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা