যমুনার কথা প্রতিবেদক:
সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের হাটবয়ড়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফারুক আহমেদ। একই সঙ্গে কমিটির অন্যান্য সদস্যও দায়িত্ব গ্রহণ করেছেন।
রোববার (১১ অক্টোবর) বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির প্রথম মাসিক সভার মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এ উপলক্ষে বিদ্যালয়ে উপস্থিত হলে নবগঠিত কমিটির সভাপতি ফারুক আহমেদ ও অভিভাবক সদস্য মাসুদ রানাকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এডহক কমিটির সদস্যসচিব মো. ইসরাইল হোসেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও গার্লস গাইডের সদস্যরা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণকালে শিক্ষার্থীদের উদ্দেশে সভাপতি ফারুক আহমেদ বলেন, “তোমাদের এখন জীবন গড়ার সময়। জীবন গড়তে হলে বড় বড় স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। তোমরাই একদিন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখতে পারবে।”
তিনি আরও বলেন, “আমি এই বিদ্যালয়েরই সাবেক শিক্ষার্থী। এ বিদ্যালয়ের প্রতি আমার বিশেষ টান ও ভালোবাসা রয়েছে। নিজের মেধা ও শ্রম দিয়ে পিছিয়ে পড়া এ বিদ্যালয়কে এগিয়ে নিতে কাজ করব, ইনশাআল্লাহ।”
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাংবাদিক শেখ মো. এনামুল হক, খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার ফিরোজ, সাবেক সহসভাপতি মোবারক আলী মেম্বার, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।