শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ভালো কাজে স্বেচ্ছাসেবীদের পাশে থাকবো -সিরাজগঞ্জ জেলা প্রশাসক

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৮.০৭ পিএম

যমুনার কথা প্রতিবেদক
সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেছেন, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি স্বেচ্ছাসেবীদের সঙ্গে নিয়ে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। এরই অংশ হিসেবে অসহায় ও দুস্থ ব্যক্তিদের জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। স্বেচ্ছাসেবীরা যেসব মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছেন, সেগুলো অনলাইনে প্রচার করা হলে তা দেখে অন্যরাও ভালো কাজে অনুপ্রাণিত হবেন। শুক্রবার সিরাজগঞ্জ যমুনা নদীতীরের ৩ নম্বর ক্রসবার বাঁধে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও স্বেচ্ছাসেবীদের বাষিক মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জেলা প্রশাসক আরও বলেন, ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জেলা ও উপজেলা পর্যায়ে দেশকে এগিয়ে নেওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো স্বেচ্ছাসেবী ব্যক্তি ও সংগঠনগুলোর তালিকা তৈরির লক্ষ্যে ‘ভালো কাজের ভালো মানুষ’ নামক কর্মসূচি প্রণয়নের কথা জানিয়েছেন। এ উদ্যোগের অংশ হিসেবে সিরাজগঞ্জের জেলা ও উপজেলা পর্যায়ে যারা স্বেচ্ছাসেবামূলক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছেন, তাঁদের তালিকা প্রস্তুতের কথাও জানান তিনি। তিনি আশ্বাস দিয়ে বলেন, ‘ভালো কাজের জন্য সকলকে সহায়তা করব।’ জেলার যেকোনো ভালো ও মানবিক উদ্যোগে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। পাশাপাশি সম্মিলিত জেলা পরিষদের একজন সদস্য হওয়ারও আগ্রহ প্রকাশ করেন তিনি।

সিরাজগঞ্জ জেলায় আব্দুস সাত্তার ফাউন্ডেশন, ভয়েস অব কাজিপুর, র. ই. মানিক চিত্রপুরী, সুখ পাখি, রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট, বাঁধনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে মানবিক কাজ পরিচালনাকারীদের ধন্যবাদ জানান জেলা প্রশাসক।

রফিকুল ইসলাম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় এবং আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় আয়োজক কমিটিকে সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি সিরাজগঞ্জে যারা মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কাজ করছেন, তাদের কাজের স্বীকৃতি দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সবাইকে স্বেচ্ছাসেবামূলক ভালো কাজে উৎসাহিত হওয়ার এবং বিনয়ী হওয়ার আহ্বান জানান।

এ উপলক্ষে আয়োজিত সভায় হাজী আব্দুস সাত্তার বলেন, ‘মহান আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। এখানে আমরা যদি ভালো কাজ করি, তাহলে পরকালে তার ভালো ফল পাব। এই প্রত্যয় নিয়েই আব্দুস সাত্তার ফাউন্ডেশন সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কাজ এগিয়ে নিতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।’
সভা শেষে সম্মিলিত জেলা স্বেচ্ছাসেবী পরিষদের পদে সভাপতি রফিকুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক পদে মামুন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক পদে শেখ রজবকে নির্বাচিত করা হয়।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা