শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

গান্ধাইল ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা প্রস্তাব

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৭.২৯ পিএম

কাজিপুর সংবাদদাতা
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন পরিষদের ১১ জন সদস্য। তাদের মধ্যে ৮ জন সাধারণ সদস্য ও ৩ জন সংরক্ষিত নারী সদস্য রয়েছেন।

অনাস্থা প্রস্তাবের অভিযোগে বলা হয়েছে, পরিষদের বিভিন্ন খাতের অর্থের হিসাব জমা না দিয়ে তা আত্মসাৎ করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩ ধারার ৩ উপধারার উল্লেখ করে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন সদস্যরা। এ ছাড়া অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কথিত আত্মসাৎকৃত অর্থ উদ্ধার, ইউপি সদস্যদের বকেয়া বেতন পরিশোধ এবং উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের পথ সুগম করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

অনাস্থা প্রস্তাবের অনুলিপি রাজশাহী বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার বিভাগের পরিচালক ও উপপরিচালক, সিরাজগঞ্জের জেলা প্রশাসক এবং কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
এ বিষয়ে গান্ধাইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু বকর সিদ্দিক জানান, তিনি অনাস্থা প্রস্তাবের বিষয়টি অবগত নন।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা