শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মহাসড়কে যুবলীগের মিছিলের ঘটনায় আরো ৩ কর্মী গ্রেপ্তার, ৪ পুলিশ প্রত্যাহার

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৬.৩৬ পিএম

যমুনার কথা প্রতিবেদক

সিরাজগঞ্জ মহাসড়কে পুলিশ পিকআপের সামনে বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ারা অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের আরও তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ৭ জনকে গ্রেপ্তার করা হলো। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সদর থানার ওসি রাকিবুল হাসান জানান, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তারা তিনজনই বুধবার ভোরে মহাসড়কের ওই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

বৃহস্পতিবার রাতে গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামের হাবিবুর রহমানের ছেলে যুবলীগ কর্মী মোহাম্মদ রবিউল ইসলাম (৩১), শহরের কোবদাসপাড়া মহল্লার শরিফুল ইসলামের ছেলে যুবলীগ কর্মী আশরাফুল ইসলাম সোহাগ (২৮) ও রানীগ্রাম মধ্যপাড়া মহল্লার মোহাম্মদ আলমগীর হোসেনের ছেলে ছাত্রলীগ কর্মী মোহাম্মদ সাজু (১৭)। এরআগে বুধবার রাতে অভিযান চালিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি লিটন শেখ, দত্তবাড়ি মহল্লার ছাত্রলীগ কর্মী আগুন শেখ, একই মহল্লার যুবলীগ কর্মী চান শেখ ও সয়দাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আরমানকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় পুলিশ পিকআপের সামনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে করায় দায়িত্বে অবহেলার অভিযোগে যমুনা সেতু পশ্চিম থানার এক এএসআইসহ চার পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এ তথ্য জানান।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন যমুনা সেতু পশ্চিম থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আরিফুল ইসলাম আরিফ, গাড়ি চালক কনস্টেবল আব্দুল গফুর, কনস্টেবল নাসিমুজ্জামান ও মোরশেদুল ইসলাম।

এ প্রসঙ্গে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিক্ষোভ মিছিলের সময় পাশেই পুলিশ পিকআপ ছিল।  এ ঘটনায় কোন পুলিশ সদস্যের দায়িত্ব পালনে অবহেলা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে পিকআপে থাকা চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

এর আগে বুধবার ভোরে যমুনা সেতু পশ্চিম মহাসড়ক এলাকায় বিক্ষোভ মিছিল করেন যুবলীগ নেতাকর্মীরা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় মিছিল যাওয়ার সময় পাশের লেন দিয়ে বিপরীত দিকে পুলিশের পিকআপ যাচ্ছে। মিছিলকারীরা উত্তেজিত হয়ে এগিয়ে গিয়ে পুলিশ সদস্যদের পিকআপ থেকে না নামার জন্য হমকি দিচ্ছেন। তখন পুলিশ সদস্যরা নিরবে স্থান ত্যাগ করেন।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা