যমুনার কথা ডেস্ক
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন নাট্যচক্র গ্রুপ থিয়েটারের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী রজতজয়ন্তী উৎসবের সমাপনী অনুষ্ঠিত হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। আলোচনা সভা, আবৃত্তি, নৃত্য ও নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে শেষ হবে বর্ণাঢ্য এ আয়োজন।
এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উল্লাপাড়া বিজ্ঞান কলেজের অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক রোটারিয়ান অধ্যক্ষ মো. আব্দুস সাত্তার।
নাট্যচক্র গ্রুপ থিয়েটারের সভাপতি আব্দুল আলীম মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমরান মুরাদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সিরাজগঞ্জের মতো জেলা শহরে দীর্ঘ ২৫ বছর ধরে একটি নাট্য সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখা নিঃসন্দেহে প্রশংসনীয়। নাট্যচক্র তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুস্থ সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য মমিন বাবু, নাট্য ফেডারেশন সিরাজগঞ্জের সভাপতি গোলজার হোসেন, সিরাজগঞ্জ পৌরসভার কর্মকর্তা রফিকুল ইসলাম, উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদ প্রমুখ।
বক্তারা বলেন, দেশের গ্রুপ থিয়েটার আন্দোলন মুক্তিযুদ্ধের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নাট্যচক্রের মতো সাংস্কৃতিক সংগঠনগুলো সেই ধারাকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছে।
অনুষ্ঠানে সিরাজগঞ্জের নাট্যকার, গীতিকার ও অভিনেতা নূর মোহাম্মদকে গুণীজন হিসেবে বিশেষ সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে নাট্যচক্রের নাট্যকর্মীদের পরিবেশনায় সমসাময়িক সমাজের অনিয়ম ও দুর্নীতির প্রেক্ষাপটে রচিত ব্যঙ্গাত্মক নাটক ‘চোর সমাচার’ মঞ্চস্থ হয়। নাটকটি উপভোগ করতে মিলনায়তনে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে।
উল্লেখ্য, ২০০১ সালে প্রতিষ্ঠিত নাট্যচক্র গ্রুপ থিয়েটার দীর্ঘ ২৫ বছর ধরে সিরাজগঞ্জে মঞ্চনাটক, পথনাটক, নাট্যকর্মশালা, আবৃত্তি ও সাংস্কৃতিক প্রশিক্ষণের মাধ্যমে সুস্থ সংস্কৃতিচর্চা বিকাশে কাজ করে যাচ্ছে। সামাজিক অসংগতি, মুক্তিযুদ্ধের চেতনা ও মানবিক মূল্যবোধকে উপজীব্য করে সংগঠনটি নিয়মিত নাট্যচর্চা অব্যাহত রেখেছে।
আজ সমাপনী দিনে আলোচনা সভা, আবৃত্তি, নৃত্য পরিবেশনার পাশাপাশি নাট্যচক্রের নাটক ‘কানামাছি খেলা’ মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে।