যমুনার কথা ডেস্ক
ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার ছবি যুক্তের অভিযোগে এনসিটিবির গবেষণা কর্মকর্তা আব্দুল্লাহ আল যোবায়েরকে খাগড়াছড়িতে বদলি করা হয়েছে। আজ রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, তাকে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক পদে পদায়ন করা হয়েছে। তাকে আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। অন্যথায় ওই দিন অপরাহ্নে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন।
আব্দুল্লাহ আল যোবায়ের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা।
প্রেষণে তিনি এনসিটিবির গবেষণা কর্মকর্তা পদে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের লাইব্রেরিয়ানের অতিরিক্ত দায়িত্বেও ছিলেন যোবায়ের।
এদিকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বইয়ে ‘দাঁড়িপাল্লা’র ছবি নিয়ে বিতর্কের পর সংশ্লিষ্ট পৃষ্ঠা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।