শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ বসালে ‘গ্রিন হাউস’ স্বীকৃতি ও করছাড়: বিদ্যুৎমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় টিকটকে কমেন্ট করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ ‘পলায়নের’ অভিযোগে চাকরি গেল হারুন অর রশীদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ আসুন একসঙ্গে ফ্যাসিবাদের জঞ্জাল পরিষ্কার করি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে নাট্যচক্রের রজতজয়ন্তী উৎসবের সমাপনী আজ ইছামতি নদীতে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার প্রথম আলোর সাংবাদিক কামনাশীষ শেখরের মায়ের মৃত্যুতে প্রতিমন্ত্রী টুকুর শোক সাড়ে ১২ লাখ শিক্ষার্থীর অর্ধেকই ফেল সৌদি রুটে ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী

আসুন একসঙ্গে ফ্যাসিবাদের জঞ্জাল পরিষ্কার করি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৪.২৮ পিএম

যমুনার কথা ডেস্ক
সারা দেশে ফ্যাসিবাদ যে জঞ্জাল রেখে গেছে, তা পরিষ্কারে সরকারি দল ও বিরোধী দলনির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যেমন একসঙ্গে লড়াই করেছিলাম, তেমনি সব ধরনের অপরাজনীতি ত্যাগ করে আসুন দেশের জঞ্জাল, ফ্যাসিবাদের জঞ্জাল পরিষ্কার করি।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু রোগী শনাক্তকরণ ও চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে ‘মোবাইল ফিভার ক্লিনিক’-এর কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এম এ মুহিত এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মূলত ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই করার জন্য এই পরিকল্পনা শুরু করা হয়েছিল।
ডেঙ্গু মোকাবিলায় প্রতিটি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জনগণকে সম্পৃক্ত করে বিগত কয়েক মাস ধরে নিয়মিত কাজ করা হচ্ছে।
তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় আজ এখানে ফিভার ক্লিনিকের উদ্বোধন হচ্ছে।

এই এলাকার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হলে কিংবা আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিলে যেন দ্রুত চিকিৎসকের সেবা পেতে পারেন, সেই উদ্দেশ্যেই এ আয়োজন। এজন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনকে ধন্যবাদ জানান তিনি।
মিরপুরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, এলাকার মানুষ অত্যন্ত সৌভাগ্যবান যে এমন একজন নেতা পেয়েছেন, যিনি তাদের জন্য দিনরাত কাজ করছেন। যুগ যুগ ধরে যেসব কঠিন কাজ হয়নি, এলাকার ফুটপাত পরিষ্কার করা ও সাধারণ মানুষের চলাচলের ব্যবস্থা করার মতো কাজগুলো তিনি দৃঢ়তার সঙ্গে এলাকাবাসীকে নিয়ে করে যাচ্ছেন।
মোবাইল ফিভার ক্লিনিকে বিভিন্ন স্বাস্থ্যসেবা যুক্ত করার বিষয়ে তিনি বলেন, আজ যখন এই ক্লিনিকটি শুধু ডেঙ্গুর জন্য জ্বরের ক্লিনিক হওয়ার কথা ছিল, তখন আমাদের দল, আমাদের নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো আপনাদের এই নেতাও প্রতিটি কাজে জনগণের কথা ভেবেছেন।

প্রতিমন্ত্রী বলেন, এখানে শুধু জ্বরের চিকিৎসা দেওয়া হচ্ছে না। গাইনি চিকিৎসক রয়েছেন, যিনি মা-বোনদের জরুরি চিকিৎসাসেবা দেবেন। শিশু বিশেষজ্ঞ রয়েছেন, যারা শিশুদের দেখবেন। চর্মরোগের চিকিৎসকও এসেছেন। অনেকেই জানেন না তাদের উচ্চ রক্তচাপ রয়েছে। জানার আগেই হঠাৎ স্ট্রোক হয়ে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবকে ক্ষতিগ্রস্ত হতে দেখেছি।

তিনি বলেন, সেই কারণেই এখানে এনসিডি কর্নার রাখা হয়েছে। ডায়াবেটিস ও ব্লাড প্রেসার পরীক্ষা করার সুযোগ রয়েছে। রয়েছে পরিবার পরিকল্পনা কর্নার। শিশু ও মায়েদের পুষ্টিসেবারও ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ আজ এখানে শুধু একটি ক্লিনিক নয়, বিনামূল্যে চিকিৎসার জন্য একটি ছোটখাটো হাসপাতাল বসানো হয়েছে।

সরকারের সমন্বিত কার্যক্রমের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আজ আমরা এখানে এসেছি, দুজন প্রতিমন্ত্রী এসেছেন, আপনাদের প্রশাসক এসেছেন। আমরা শুধু দিনরাত কাজ করছি না, আমাদের মধ্যে সমন্বয়ও রয়েছে। এই সরকারের বৈশিষ্ট্য হলো, সবকিছুর ঊর্ধ্বে উঠে আমরা একসঙ্গে শুধু জনগণের কল্যাণে কাজ করব। এটিই আমাদের অঙ্গীকার।

বিরোধী দলের রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, বিরোধী দল এখনো জনসভার রাজনীতিতে পড়ে আছে। তারা আগের মতো বক্তৃতার রাজনীতি করতে চায়। কিন্তু তাদের বক্তৃতা আর কেউ শুনতে চায় না। কারণ, প্রধানমন্ত্রী ইতোমধ্যে বাংলাদেশের নতুন রাজনীতির সূচনা করেছেন। তিনি জনসভার নয়, জনসেবার রাজনীতি করছেন।

বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আপনারা আসুন, জনসেবা করুন। ১ হাজার ৫০০ গাড়ি নিয়ে বিলাসবহুল লং ড্রাইভে যাওয়ার বদলে ১ হাজার ৫০০ মানুষ নিয়ে ময়লা পরিষ্কার করুন, এলাকার জঞ্জাল পরিষ্কার করুন, দেশকে ডেঙ্গুমুক্ত করুন।

তিনি আরও বলেন, শুধু এলাকার ময়লা পরিষ্কার নয়, সারা দেশে ফ্যাসিবাদ যে জঞ্জাল রেখে গেছে, তা পরিষ্কারেও সবাইকে এগিয়ে আসতে হবে। সরকারি দল ও বিরোধী দলনির্বিশেষে আমরা যেমন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিলাম, তেমনি সব ধরনের অপরাজনীতি ত্যাগ করে আসুন একসঙ্গে দেশের জঞ্জাল, ফ্যাসিবাদের জঞ্জাল পরিষ্কার করি।

বক্তব্যের শেষে প্রতিমন্ত্রী জানান, এলাকাবাসীর জন্য বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পটি শনিবার সারাদিন চলবে। এ জনসম্পৃক্ত কর্মসূচিতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা