শিক্ষাজীবন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি। এই সময়েই একজন শিক্ষার্থী নিজের ভবিষ্যতের ভিত্তি তৈরি করে। তাই স্কুল-কলেজের ক্লাস ফাঁকি দিয়ে আড্ডায় সময় কাটানোর প্রবণতা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুশীল সমাজ সকলের জন্যই উদ্বেগের বিষয়। সম্প্রতি সিরাজগঞ্জ শহরের যমুনা নদীর তীরে ৩নং ক্রসবার বাঁধ সংলগ্ন কাশবন, পুরাতন জেলখানা ঘাট, হার্ডপয়েন্টসহ বিভিন্ন স্থানে ক্লাস চলাকালে শিক্ষার্থীদের অবস্থানের অভিযোগে পুলিশের অভিযান হয়েছে। অভিযানে কয়েকজন শিক্ষার্থীকে সতর্ক করে বাড়িতে পাঠানো হয়েছে এবং বিষয়টি তাদের অভিভাবকদের জানানো হয়েছে। জেলা প্রশাসন ও জেলা পুলিশের এই প্রয়োজনীয় উদ্যোগকে আমরা স্বাগত জানাই। কিন্তু দুঃখের বিষয় হলো এটি অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্যও একটি সতর্কবার্তা। একজন শিক্ষার্থী ক্লাসে না গিয়ে কোথায় যাচ্ছে, কার সঙ্গে সময় কাটাচ্ছে এসব বিষয়ে পরিবারকে কিছুটা হলেও খেয়াল রাখতে হবে। কৈশোর এমন একটি সময়, যখন কৌতূহল বাড়ে, বন্ধুত্বের প্রভাবও বেশি থাকে। এই বয়সের শিক্ষার্থীদের শুধু বকাঝকা করে দায়িত্ব শেষ করা যাবে না। তাদের সঙ্গে বন্ধুর মতো কথা বলতে হবে। কেন তারা ক্লাস ফাঁকি দিচ্ছে, পড়াশোনায় আগ্রহ কমছে কি না, কোনো মানসিক চাপ বা পারিবারিক সমস্যা আছে কি না সেটিও বোঝা উচিত। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোরও দায়িত্ব রয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, অনুপস্থিত শিক্ষার্থীর বিষয়ে অভিভাবককে জানানো এবং তাদের সঙ্গে নিয়মিত কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা যেতে পারে। শুধু পরীক্ষার ফলাফল নয়, শিক্ষার্থীর আচরণ, মূল্যবোধ ও মানসিক বিকাশের দিকেও নজর দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে। অভিভাবকদেরও মনে রাখতে হবে, সন্তানকে শুধু স্কুলে পাঠিয়েই দায়িত্ব শেষ হয় না। তার বন্ধু, চলাফেরা, মোবাইল ও অনলাইন ব্যবহারের ধরন এবং দৈনন্দিন অভ্যাস সম্পর্কে খোঁজ রাখা জরুরি। তবে এই নজরদারি হতে হবে ভালোবাসা ও বিশ্বাসের সঙ্গে, অযথা কঠোরতার মাধ্যমে নয়। আমাদের সিরাজগঞ্জের শিক্ষার্থীরা যমুনা নদীরপাড় কিংবা বিনোদন কেন্দ্রে ক্লাস ফাঁকি দিয়ে সময় না কাটিয়ে শিক্ষার আলোয় নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলুক। তাদের আনন্দ করার সুযোগ থাকবে, বন্ধুত্ব থাকবে, খেলাধুলা থাকবে কিন্তু তার সব কিছুর জন্য নির্দিষ্ট সময় ও সঠিক পরিবেশও থাকতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজ এক সঙ্গে কাজ করলে আমরা এ ধরণের সমস্যা থেকে মুক্তি পেতে পারি।