শাহজাদপুর সংবাদদাতা
সিরাজগঞ্জের শাহজাদপুরে যানজট নিরসন ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে ফুটপাত দখলমুক্ত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পৌরসভা। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনের নির্দেশনায় পৌরসভার মনিরামপুর বাজারের বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে রাস্তার পাশের অবৈধ দখল উচ্ছেদ করা হয়। পাশাপাশি রাস্তার ওপর অবৈধভাবে মোটরসাইকেল রাখার দায়ে তিনজন মোটরসাইকেল মালিককে ৫০০ টাকা করে মোট ১৫ শত টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম বলেন, পৌরসভার মনিরামপুর বাজারের বিভিন্ন পয়েন্ট যানজটমুক্ত ও চলাচলের উপযোগী রাখতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ কাজে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি।
পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর মোঃ রাজু আহমেদ বলেন, যানজট নিরসনে পৌরসভার ১৬টি পয়েন্টে লোক নিয়োগ করা হয়েছে। কিছু জায়গায় বিচ্ছিন্ন সমস্যা থাকলেও অধিকাংশ স্থানে কার্যক্রম ভালোভাবে চলছে। যানজট নিরসনে সবার পাশাপাশি সাংবাদিকদেরও সহযোগিতা কামনা করেন তিনি।