রায়গঞ্জ সংবাদদাতা
রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে উপজেলা সদর ধানগড়া মহিলা ডিগ্রি কলেজ।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এ বছর কলেজটি থেকে মোট ১৬০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭১ জন। জিপিএ-৫ পেয়েছেন ৩ জন শিক্ষার্থী। কলেজটির পাসের হার ৪৪ দশমিক ৩৮ শতাংশ। উপজেলার মধ্যে শীর্ষস্থান অর্জন করায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদ রানা বলেন, আমাদের প্রত্যাশা ছিল ফলাফল আরও ভালো হবে। ভবিষ্যতেও শিক্ষার মান ও ভালো ফলাফল ধরে রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। এ জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।