রায়গঞ্জ সংবাদদাতা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শনিবার সকালে রায়গঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সন্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনকে ঘিরে সকালে ভূমিহীন সমিতির সদস্যরা বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে এসে জমায়েত হন।
ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি রহমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক আবু হাসেম, সহ-সম্পাদক রিনা বেগম ও জাকিয়া বেগম, নিজেরা করি সংস্থার সমন্বয়কারী আছাবুর রহমান, রাজশাহী বিভাগীয় সংগঠক সাইফুরনাহার রত্না, সাংবাদিক দীপক কুমার কর, সমাজসেবক সাইফুল ইসলাম ও রেজাউল করিম দুলাল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ভূমিহীন মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে বাল্যবিয়ে প্রতিরোধ, নারী ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধ এবং সামাজিক সচেতনতা বাড়াতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তারা। পাশাপাশি ভূমিহীন সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও গণনাটক পরিবেশন করা হয়। এতে ভূমিহীন সমিতির সদস্যদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।