যমুনার কথা ডেস্ক
ইউরোপের শ্রমবাজারের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশের কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং নিরাপদ অভিবাসনের আইনি পথ তৈরির লক্ষ্যে কাজ করছে ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ প্রকল্প। ইউরোপীয় ইউনিয়নের (EU) ৩ মিলিয়ন ইউরো অর্থায়নে এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর সরাসরি পরিচালনায় এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির মূল লক্ষ্য হলো অভিবাসন ব্যয় হ্রাস করা, দেশে দক্ষতায় ঘাটতি পূরণ করা এবং বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোতে নিরাপদ ও নিয়মিত অভিবাসনের সুযোগ তৈরি করা। এই আন্তর্জাতিক মানের প্রকল্পের একটি অন্যতম সফল বাস্তবায়ন সহযোগী (Implementing Agent) প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), খুলনা।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), খুলনা ইতোমধ্যেই তাদের কার্যক্রমে অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে। টিটিসি খুলনার দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রা অনুযায়ী, আগামী ডিসেম্বর ২০২৭ সালের মধ্যে ওয়েল্ডিং, ইলেকট্রিক্যাল (EIM), প্লাম্বিং এবং মোটর ড্রাইভিং পেশায় মোট ৪৪০ জন কর্মীকে এনএসডিএ (NSDA) লেভেল ৩ সার্টিফিকেশন প্রদান করা হবে। উল্লেখ্য ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্পের মাধ্যমে ডিসেম্বর ২০২৭ পর্যন্ত সমগ্র বাংলাদেশে বিভিন্ন পেশায় মোট ৩০০০ প্রশিক্ষনার্থীরা এই সুযোগ গ্রহণ করতে পারবেন। প্রশিক্ষণার্থীদের আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে কারিগরি দক্ষতার পাশাপাশি তাদেরকে ইতালীয় ভাষার প্রশিক্ষণ এবং ১০ দিনব্যাপী প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন (PDO) প্রদান করা হচ্ছে। এই ওরিয়েন্টেশনের মাধ্যমে কর্মীদের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য (OSH), নৈতিক অভিবাসন, ইউরোপীয় সংস্কৃতির সাথে খাপ খাওয়ানো এবং শ্রম অধিকার সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
গত জুন ২০২৬ পর্যন্ত টিটিসি খুলনার প্রথম দুটি ধাপে (কোহর্ট) মোট ২০৭ জন প্রশিক্ষণার্থী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৯১ জন দক্ষতা মূল্যায়ন পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে যোগ্যতা অর্জন করেছেন। যেখানে সাফল্যের হার ঈর্ষণীয় ৯৬.৪৬ শতাংশ। বর্তমানে চলমান ৩য় ধাপে নতুন যুক্ত হওয়া ওয়েল্ডিং লেভেল-৩ সহ মোট ৪টি ট্রেডে অত্যন্ত সুনামের সাথে প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। তাত্ত্বিক শিক্ষার গণ্ডি পেরিয়ে স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর (যেমন- মেসার্স খোকন মোটরস, কোয়ালিটি ডাইভারসিফাইড জুট মিলস লিমিটেড) সাথে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে(OJT) কাজের বাস্তব অভিজ্ঞতাও প্রদান করা হচ্ছে, যা তাদের কর্মসংস্থানের সুযোগ আরও বৃদ্ধি করছে।