যমুনার কথা প্রতিবেদক
২০২৪ সালের আগষ্ট পরবর্তিতে সিরাজগঞ্জ জেলার কোন সাংস্কৃতিক সংগঠন বন্ধ বা ক্ষতিগ্রস্থ হয়নি। কিন্তু জেলায় সার্বিক সাংস্কৃতিক কার্যক্রমের গতি কিছুটা কমেছে। তবে পরিসর ছোট হলেও কিছু নতুন সংগঠনের জন্ম হয়েছে। সরকারী বাজেট বিতরণে ভিন্নমতের সংগঠনগুলোকে বরাদ্দ তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এদিকে, অর্ন্তবর্তি সরকারের সময়ে জেলার সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার প্রাণকেন্দ্র জাতীয় নেতা শহীদ এম, মনসুর আলীর নামে প্রতিষ্ঠিত অডিটোরিয়ামটির নাম পরিবর্তন করে শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম নামকরণ করা হয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ সন্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক ইমরান মুরাদ বলেন, আগের চেয়ে জেলায় সাংস্কৃতিক কার্যকমে কিছুটা ভাটা পড়েছে। অনেকে কার্যক্রম কম করছেন। কার্যকমে নেই এমন সংগঠনগুলো সরকারী বরাদ্দের অনুদান পেলেও ভিন্নমতের হওয়ায় প্রতিষ্ঠিত সংগঠনগুলো সরকারী অনুদান থেকে বঞ্চিত হচ্ছে। আবার কিছু সংগঠন নতুন প্রতিষ্ঠিত হলেও তারা সরকারী অনুদান পাচ্ছে।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য মোমিন বাবু বলেন, ২০২৪ সালের আগষ্ট পরবর্তিতে সিরাজগঞ্জ জেলার সাংস্কৃতিক কার্যক্রমে প্রথমে কিছুটা দ্বিধা ছিল। পরবর্তিতে সেটা কেটে গেছে। আমরা সরাসরি কোন রাজনৈতিক দল করি না, তবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি। এজন্য কিছুটা সমস্যা হচ্ছে। সরকারী অনুদানের জন্য জেলা থেকে নাম পাঠানো হলেও ঢাকা থেকে কিছু প্রতিষ্ঠিত সংগঠনের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এ অবস্থার মধ্যেও আমরা সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। পৃষ্ঠপোষকতা পেলে এ কার্যক্রমের গতি আরো বাড়ানো সম্ভব।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন বলেন, সিরাজগঞ্জ জেলায় ছোট বড় প্রায় ১৫০টি সাংস্কৃতিক সংগঠন রয়েছে। ২০২৪ সালের আগষ্ট পরবর্তিতে জেলার কোন সাংস্কৃতিক সংগঠন বন্ধ বা ক্ষতিগ্রস্থ হয়নি। তবে কিছু সংগঠন আছে কোন কার্যকম করছে না। কোনটা কম করছে। এ সময়ে পরিসরে ছোট হলেও নতুন কিছু সংগঠনও জন্ম নিয়েছে। এটা সব সরকারের আমলেই হয়ে থাকে।
সরকারী বরাদ্দের অনুদান প্রসঙ্গে তিনি বলেন, সব সংগঠনের তালিকা আমরা ঢাকায় পাঠানোর পর মন্ত্রনালয়ের বাচাইয়ে কিছু সংগঠন অনুদান প্রাপ্তি থেকে বাদ পড়ছে। এক্ষেত্রে আমাদের কোন ভূমিকা নেই।
তিনি আরো বলেন, অর্ন্তবর্তি সরকারের সময়ে সংস্কৃতি মন্ত্রনালয়ের চিঠির ভিত্তিতে জাতীয় নেতা শহীদ এম, মনসুর আলীর নামে প্রতিষ্ঠিত অডিটোরিয়ামটির নাম পরিবর্তন করে শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম নামকরণ করা হয়েছে।